
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দীক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন এবং ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা এবং ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝেও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন পেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা উপকরণ তাদের পড়াশোনা এবং বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে।
সংশ্লিষ্টরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।