
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমি দখলের চেষ্টার পাশাপাশি এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি।
অভিযোগপত্রে আবুল কালাম উল্লেখ করেন, শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযুক্তরা তার বংশীয় লোক হলেও জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আবুল কালাম তার জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা ও অজ্ঞাতনামা কয়েকজন দা, লাঠি ও লোহার রডসহ সেখানে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে নির্মাণকাজ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবুল কালামের অভিযোগ, বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার ওপর আক্রমণের চেষ্টা করা হলে তিনি দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।
তার আরও অভিযোগ, পরবর্তীতে ওই জমিতে কাজ করতে গেলে তাকে হত্যা করে জমিতে পুঁতে রাখা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন আবুল কালাম। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তবে অভিযুক্ত লোকমান হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার জমিতে আমি কাজ করছি। কারও জমি দখল করিনি।”
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।”