
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৩৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন স্থানীয় সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩৮টি ঘর পুড়ে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নাবান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, কারখানার ছুটি শেষে বাড়িতে এসে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন।