
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়-এর নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ও রাজাবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব,শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: শাহ্ আলম।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গত ১৮ মে ২০২৬ তারিখে বিদ্যালয়টির নতুন এডহক কমিটি অনুমোদন দেয়। ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বোর্ডের বিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শাহ্ আলম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো: কাউসার উদ্দিন মোল্লাহ্ এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো: হাবিবুর রহমান। তাঁর সন্তান জোবায়ের তামিম বিদ্যালয়ের ৭ম শ্রেণির ০৯ রোলধারী শিক্ষার্থী। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গাজীপুর জেলা শিক্ষা অফিসার, কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট পাঠানো হয়েছে।
এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা আশা প্রকাশ করেছেন, সভাপতি শাহ্ আলমের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও প্রশাসনিক গতিশীলতা আরও বেগবান হবে।