
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় গাজীপুর-৩ আসনে সরব হয়ে উঠেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সমর্থনে গাজীপুর সদর উপজেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলহাজ্ব আরিফ হোসেনের নেতৃত্বে বিকেলে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে গণসংযোগ করেন।
শেষ সময়ের এই প্রচারণায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দীক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী। বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ব্যাপক সমর্থন বিএনপির পক্ষে রয়েছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন মুজিবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম তাজ, আমিনুল ইসলাম, বিএনপি নেতা ইসমাইল হাজী, বিল্লাল হোসেন, ফখরুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দীক নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেষ মুহূর্তের এই গণমিছিল ও গণসংযোগ গাজীপুর-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে স্থানীয়দের ধারণা।