
শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের মেম্বার পদে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান আকন্দ।
দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সিদ্দিকুর রহমান আকন্দ এবার সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা, অসহায় মানুষের সহযোগিতা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে একজন জনপ্রতিনিধি হিসেবে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।”
তিনি আরও বলেন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি, রাস্তাঘাট উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং তরুণদের কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করাকে তিনি গুরুত্ব দেবেন।
এদিকে তার প্রার্থী হওয়ার খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ ও সমাজসেবামূলক নেতৃত্ব ওয়ার্ডের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে।