
শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক
যায়যায়সময়.কম
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সবুজ প্যানেলের নিরঙ্কুশ বিজয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ বিজয়কে শুধু একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন নয়, বরং আদর্শিক অবস্থান ও রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই জামায়াত নেতৃবৃন্দ এই জয়কে “নীতিনিষ্ঠ নেতৃত্বের বিজয়” হিসেবে অভিহিত করেছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, গাজীপুর জেলার আমির এবং গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম যায়যায় সময় কে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন:
“এই নির্বাচনের মাধ্যমে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আদর্শিক, নীতিনিষ্ঠ ও সংগঠিত একটি নতুন চেহারা উঠে এসেছে। আইনজীবী সমাজ আশা করছে, নবনির্বাচিত নেতারা তাদের প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়ে একটি মডেল বার গঠন করবেন।”
তিনি আরও বলেন, “সুশাসন, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠার সংগ্রামে এই বিজয় একটি মাইলফলক। গাজীপুরবাসী একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পেয়েছে, যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।”
রাজনীতিতে নতুন বার্তা:
গাজীপুরে জামায়াতের সাংগঠনিক ভিত্তি এবং রাজনৈতিক অবস্থান পুনরায় দৃঢ় হচ্ছে—এমন বিশ্লেষণ করছেন পর্যবেক্ষকরা। অনেকেই বলছেন, এই ফলাফল জাতীয় রাজনীতিতে জামায়াতের অংশগ্রহণ ও সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিজয়কে “সততা ও আদর্শের বিজয়” আখ্যা দিয়ে অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন।