
গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকায় ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ উপহার সমগ্রী বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ মাহমুদ, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো.শওকত সিদ্দিকী,সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়সহ
সোসাইটির শিক্ষক-শিক্ষার্থীরা।বৃহস্পতিবার বিকেলে ইকবাল সিদ্দিকী কলেজ প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার সমগ্রী অনুষ্ঠান থেকে ঈদ উপহার নিতে রাজেন্দ্রপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজির হন ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ। সবাই সারিবদ্ধভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আগে থেকে সাজিয়ে রাখা চেয়ারে বসেন। তাদের সামনে টেবিলের উপর সাজিয়ে রাখা হয় ঈদ উপহার সামগ্রী। কেউ কাউকে উপহার তুলে দেয় না, এই সামান্য ঈদ উপহার অনুষ্ঠানে কোনো বক্তৃতা নেই, নেই বিতরণ করার কেউ। সবাই যার যার উপহার সম্মানের সাথে তুলে নিয়ে যান তারা, রাজেন্দ্রপুর ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ এই পরিবারগুলো ঈদ উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়েছেন উপহার গ্রহীতারা।ঈদ উপহার পাওয়া দিঘলাপাড়া এলাকার আকলিমা খাতুন বলেন, “আমি আজকে ঈদ উপহার পাইয়্যা খুব খুশি। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরো তৌফিক দেয় গরিবগো সাহায্য করার। আপনাগো লেইগ্যা আল্লাহর কাছে দোয়া করি”। ঈদ উপহার পাওয়া অপর ব্যক্তি গজারিপাড়া এলাকার মো.শরিফুল ইসলাম বলেন, “আমার পরিবার নিয়ে এইবার ভালো ভাবে ঈদ করমু।আপনাদের এই উদ্যোগ অনেক ভালো। আমি অনেক খুশি।”পহেলা রমযান থেকে যেসব পরিবারের সদস্যরা নিয়মিত ইফতার’ গ্রহণ করেছেন তাদের পরিবার প্রতি ১ কেজি পোলাও চাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই এবং ১টি করে ব্রয়লার মুরগির ব্যবস্থা করা হয়।ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি গত সাত বছর ধরেই এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থদের জন্য আয়োজন করে আসছে ‘সামান্য ইফতার’ এবং ‘সামান্য ঈদ উপহার’ কর্মসূচি
‘সামান্য ইফতার’ কর্মসূচির উদোক্তা প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এই সামান্য ইফতার কর্মসূচি শুরু করেছিলেন। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়িত্ব পালন করা উচিত এমন বিশ্বাস থেকেই শুরু হয়েছিল এই কর্মসূচি। প্রথম বছরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একশ’ জনের জন্য ইফতার এবং ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা এবং সামর্থ্য ছিলো এই প্রতিষ্ঠানের। এরপর থেকে একশ’জনের উপরে যতজনকে দেওয়া হয়েছে সেটা সম্ভব হয়েছে সমাজের নানান স্তর থেকে শুভ চিন্তার মানুষরা পাশে দাঁড়ানোর কারণে।
উল্লেখ্য, ১লা রমজান থেকে ৩০তম রমজান পর্যন্ত প্রতিদিন ২০০ জন মানুষকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ইফতার প্রদান করা হয়।