
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। ইতোমধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান।
জানা গেছে, বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং পরে উদ্ধার অভিযান চালিয়ে একে একে মরদেহ উদ্ধার করা হয়।
প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, বাকি দুইজনের মরদেহ পরিবারের সদস্যরা এলে তাদের কাছেও হস্তান্তর করা হবে।
এদিকে এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাট ও আশপাশের এলাকা।