
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক গণমিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন অলিগলি, হাট-বাজার, দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় প্রার্থীর পক্ষে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
পরে বাঘের বাজারে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং জয়নাল আবেদীন রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর–৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পথসভায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী ১২ তারিখ পর্যন্ত ঘরে না থেকে মাঠে থেকে প্রচারণা চালিয়ে যাওয়ারও নির্দেশনা দেন।
উপজেলা বিএনপির নেতা ইসলাম উদ্দিন বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ ও যোগ্য প্রার্থী। তাকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাবেন।
গণমিছিল ও পথসভায় গাজীপুর সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।