
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর-সদর আংশিক) আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনি আমেজে নতুন মাত্রা যোগ করতে আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) শ্রীপুর আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক।
সব কিছু ঠিক থাকলে ওইদিন শ্রীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ১১ দলীয় জোট মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতেই তার এই সফর।
পারিবারিক পরিচয় ও রাজনৈতিক প্রেক্ষাপট:
মাওলানা এহসানুল হক আল্লামা মামুনুল হকের আপন ভাগিনা এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের (রহ.) নাতি। তিনি ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল ও শ্রীপুরের কৃতি সন্তান মরহুম প্রফেসর নুরুল হকের সুযোগ্য পুত্র।
জোটের সমীকরণ:
জানা গেছে, দীর্ঘ আলোচনার পর ১১ দলীয় জোটের পক্ষ থেকে ২০টি আসন পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে ঢাকার নিকটবর্তী ও শিল্প সমৃদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে গাজীপুর-৩ আসনটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জোট।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, আল্লামা মামুনুল হকের এই জনসভাকে কেন্দ্র করে শ্রীপুর ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রবিবারের এই জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বলে আশা করছেন তারা।