
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক॥ যায়যায় সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপির আওতাধীন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভায় নারী-পুরুষসহ কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ সাহাব উদ্দিনের মানবিকতা ও আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে মিছিলে অংশ নেন। এতে কর্মীসভা রূপ নেয় সামাজিক সম্প্রীতির মিলনমেলায়।
এ সময় ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী সাহাব উদ্দিনের নেতৃত্বে সবচেয়ে বড় মিছিল প্রবেশ করলে কর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সিনিয়র নেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
সভায় বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতা সাহাব উদ্দিন, কাজী শহিদ, মজিবুর রহমান, হাজী ইসমাইল, মিজানুর রহমান খান খোকন,তোফাজ্জল হোসেন, আসিফ সরকার, ফখরুল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং গাজীপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আন্দোলনের মাঠে সাহসী উপস্থিতি, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং জনসম্পৃক্ততার কারণে সাহাব উদ্দিন আজ কর্মীদের আস্থার প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী মনোভাব ভাওয়ালগড় বিএনপির ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্য অপরিহার্য।
নিজ বক্তব্যে সাহাব উদ্দিন বলেন, “আমার একমাত্র লক্ষ্য একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি গড়ে তোলা। নেতাকর্মীদের ভালোবাসা এবং সিনিয়র নেতৃত্বের পরামর্শই আমার সবচেয়ে বড় শক্তি।”
সভা শেষে কর্মীরা একমত পোষণ করেন—নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ, সংখ্যালঘু সম্প্রদায়ের সক্রিয় সমর্থন এবং হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে, সাহাব উদ্দিন এখন আর কেবল একজন প্রার্থী নন; তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম ভরসার নাম।