
নিজস্ব প্রতিবেদক /যায়যায় সময়
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কিছু দল বাংলাদেশকে ‘মৃত্যুপুরী’তে পরিণত করছে। রাজনীতির নামে অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, মানবতার নামে সহিংসতা, শিক্ষার নামে অপশিক্ষা আর সংস্কারের নামে কুসংস্কার-অসভ্যতায় তারা মেতে উঠেছে। আজ বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে গোপালগঞ্জে সংগঠিত ঘটনার প্রতিবাদে আয়োজিত ‘বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোমিন মেহেদী উদ্বেগ প্রকাশ করে বলেন, “যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখনই এদের প্রতিহত না করে, তাহলে সারাদেশে সহিংসতা বাড়বে এবং বাংলাদেশ গৃহযুদ্ধের পথে এগিয়ে যাবে, যা আমাদের কারোই কাম্য নয়।” তিনি আরও বলেন, গত এক বছরেও বাংলাদেশ নির্মমতা থেকে মুক্তি পায়নি। কারণ অতীতের মতো এখনো পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও সরকার ছাত্র-যুব-জনতার কণ্ঠরোধ করার জন্য ব্যবহার করছে। তিনি একে কেবল উদ্বেগেরই নয়, বরং ‘লজ্জার-ঘৃণার’ বিষয় বলেও উল্লেখ করেন।
নতুনধারার নেতৃবৃন্দ আলোচনা সভায় বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো, আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন।
মোমিন মেহেদী দেশে শান্তি ফেরাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তার আগের পেশায় ফিরে যাওয়ারও আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রুবেল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।