
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে চার কন্যাশিশুর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে খোকসা-ওসমানপুর খেয়াঘাট এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, চার শিশু নদীতে গোসলে নেমে সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতে ভেসে গভীর পানিতে চলে যায়। এসময় খেয়াঘাটে থাকা ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়া (৮) নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইফা (৭) ও সুরাইয়া (৮) নামে দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শিশু সামিয়া জানিয়েছে, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমে সাঁতার দিয়ে চরের দিকে যাচ্ছিল, তখনই স্রোতে ভেসে যায় সবাই। নৌকার মাঝি আব্দুর রশিদ শিশুদের সাঁতার কাটতে দেখে তিনি নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দুইজনকে উদ্ধার করেন, তবে দুই শিশুকে পানিতে ডুবে যেতে দেখেন। নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পরের নিকট আত্মীয়।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রওশন আলী জানিয়েছে, দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে রাত ৮টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে রাতেই উদ্ধার অভিযান শুরু হবে।
এদিকে নিখোঁজ দুই শিশুর অপেক্ষায় নদী পাড়ে ভিড় জমাচ্ছেন স্বজন ও গ্রামবাসি।