
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদের ওপর প্রকাশ্য দিবালোকে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলায় বিএনপি নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বর্তমানে আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে শ্রীপুর পৌর এলাকার চৌরাস্তা মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান সাঈদ তার মোটরসাইকেলযোগে শ্রীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে চৌরাস্তা মোড়ে পৌঁছালে ১০-১২ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের জালাল উদ্দিনের ছেলে ও ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফ শেখ(৩০) এর নেতৃত্বে এই হামলা চালানো হয়। এসময় তার সঙ্গে একই এলাকার ইসলাম উদ্দিন এর ছেলে সালাউদ্দিন(৪০) ও গুচ্ছ গ্রাম এলাকার বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খলিল মাস্টারের ছেলে সজীব(৪২)সহ হামলাকারীরা লাঠি, লোহার রড, হকিস্টিক ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে সাঈদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। সাঈদকে বাঁচাতে এগিয়ে এলে ইমরান নামে অপর এক ব্যক্তিকেও মারধর করা হয় এবং তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা লুট করা হয় বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর প্রতিক্রিয়া
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী সাইদুর রহমান সাঈদ বলেন:
“এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় আমাদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে, জনবহুল এলাকায় এমন সহিংস ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ে অপরাধীরা পার পেয়ে গেলে এলাকায় অপরাধপ্রবণতা আরও বাড়বে। তারা অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালেও এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসন যেন কোনো প্রভাবের কাছে নতিস্বীকার না করে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করে।