শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এ লক্ষ্যে ‘সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর ( রাজেন্দ্রপুর, গাজীপুর) অফিসে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব এম এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করা হয়। এতে কাপাসিয়া উপজেলা ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন সার্ভিস প্রোভাইডার অংশগ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরি) মো. নজরুল ইসলাম মোল্লা, এজিএম (এমএস) এস এম রুবাইদ হোসেন, এজিএম (প্রশাসন) এ এইচ এম মুহিবিল্লাহ, এজিএম (ওএন্ডএম) মো. রিফাত ভূঁইয়া এবং এজিএম (ইএন্ডসি) অরূপ কুমার দাস প্রমুখ।
সভায় সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্ত, দায়িত্ব ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য নিরাপদ, দক্ষ ও মানসম্মত সোলার সিস্টেম স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির মাধ্যমে সোলার সিস্টেম স্থাপনে সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এ উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী গ্রাহকদের আরও সহজ ও মানসম্মত সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।