আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা-মামলা, জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হওয়া গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী-কে শ্রীপুর পৌরসভার প্রশাসক পদে দেখতে চাচ্ছেন পৌর এলাকার সাধারণ বাসিন্দারা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠন ও মানুষের পাশে থেকেছেন। এজন্য তাকে সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারা মনে করেন, তার নেতৃত্বে পৌরসভার নাগরিক সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-র বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবেও তিনি পরিচিত। দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়দের মাঝে ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পৌর এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন, “শ্রীপুর পৌরসভায় এমন একজন প্রশাসক দরকার, যিনি মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিল্লাল হোসেন বেপারীর মতো নেতৃত্ব গুরুত্বপূর্ণ।”
স্থানীয় বিএনপির এক নেতা জানান, “দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জনগণ তাকে প্রশাসক হিসেবে দেখতে চায়।”
পৌরবাসীর প্রত্যাশা, জনগণের চাহিদা ও উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শ্রীপুর পৌরসভায় কার্যকর ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে।