শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়
২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাড়ী গাউছুল আজম সিনিয়র মাদরাসা–তে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ই মে ২০২৫ বিন্দুবাড়ী গাউছুল আজম সিনিয়র মাদরাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক আলহাজ্ব মোঃ শরীফুজ্জামান শাহানুর সরকার, সাবেক সাধারণ সম্পাদক, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি।
বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকলে চলবে না। সত্যিকারের মানুষ হতে হলে নৈতিকতা, দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। ভবিষ্যতে তোমরাই জাতির কান্ডারি হবে—তোমাদের কাঁধেই আমাদের দেশের নেতৃত্ব ও উন্নয়নের ভার। মাদরাসা শিক্ষার আলো নিয়ে সমাজে আলোকিত ভূমিকা রাখবে বলেই আমাদের প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি এসএম বশির সিদ্দিকী এবং শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক জনাব দীন মোহাম্মদ আকন এবং সহ-সঞ্চালক ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা আজিজুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলির বাস্তব অনুশীলনের পথ।”
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বাণী প্রদান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান ও আলোকিত মানুষ হয়ে ওঠার আহ্বান জানান।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়।