শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শ্রীপুর উপজেলা এবং শ্রীপুর পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু'র নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এবং যুগ্ম আহ্বায়ক মুসলে উদ্দিন মৃধা।
এছাড়া শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ১নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন বেপারী, ২নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ এডভোকেট রহুল কবির রিজভীকে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তাঁরা বলেন, “আমরা কেন্দ্রের দিকনির্দেশনা মেনে শ্রীপুর বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজপথে সক্রিয় থাকব।”
এডভোকেট রহুল কবির রিজভী আহ্বায়ক কমিটির নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “দলীয় কর্মকাণ্ডে শৃঙ্খলা, ত্যাগ ও ঐক্যই বিএনপির শক্তি। আমাদের সকলে মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে।”
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।