গাজীপুর প্রতিনিধি:
পরিবারের অমতে পালিয়ে বিয়ে, এরপর চরম আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে জীবিকার তাগিদে চুরির পথ বেছে নেওয়ার দাবি করেছেন গাজীপুরের কাপাসিয়ায় স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আটক এক নবদম্পতি।
গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) কাপাসিয়া বাজারে অবস্থিত গোল্ডেন জুয়েলার্স থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে স্থানীয় জনতা এক স্বামী-স্ত্রীকে আটক করে। পরে তাদের কাপাসিয়া বাজার সমিতির কার্যালয়ে নিয়ে রাখা হয়।
দোকানের মালিক সাধন চন্দ্র রঞ্জিত জানান, অভিযুক্ত সুরভী আফরোজ, পিতা মো. মোশাররফ হোসেন, গ্রাম হালুকাইদ, রাজাবাড়ী ইউনিয়ন, শ্রীপুর, গাজীপুর এবং তার স্বামী আব্দুল্লাহ সৌরভ, পিতা মো. নয়ন মিয়া, একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে তার দোকান থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি স্বর্ণের বেনি চেইন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর বাজার সমিতির কার্যালয়ে উপস্থিত লোকজনের সামনে অভিযুক্ত দম্পতি চুরির বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই দম্পতি জানান, তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে উভয় পরিবারের সদস্যরা তাদের মেনে না নেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন। বসবাস, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে অক্ষম হয়ে হতাশার এক পর্যায়ে চুরির পথ বেছে নিয়েছিলেন বলে তারা দাবি করেন।
ঘটনার খবর পেয়ে অভিযুক্ত যুবকের বাবা মো. নয়ন মিয়া, অভিযুক্ত তরুণীর বাবা মো. মোশাররফ হোসেন এবং রাজাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মেম্বার ঘটনাস্থলে যান।
দোকান মালিক সাধন চন্দ্র রঞ্জিত বলেন, "আমার দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে দোকান মালিক জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে কাপাসিয়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।