শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক:
যায়যায়সময়.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজাবাড়ী ইউনিয়ন শাখার ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ কাদির মাষ্টার এবং সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মোড়লকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক আচরণের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ মোফাজ্জল হক এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় নেতাকে গত ৭ মে ২০১৫ তারিখে কারণ দর্শানোর জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় এবং তাদের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দুই নেতার অনৈতিক আচরণ, দায়িত্বে অবহেলা এবং দলের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাবের কারণে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি মারাত্মকভাবে ইমেজ সংকটে পড়ে। এই পরিস্থিতিতে উপজেলা বিএনপির নির্দেশ অনুযায়ী উভয় নেতাকে তাঁদের ওয়ার্ড কমিটির পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনীতিবিদদের মতে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।