শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আসিফ নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরে তার মরদেহ গজারি বনে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
নিহত মেহেদী হাসান আসিফ (২২) রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিহতের মা আছমা বেগম জানান, বুধবার বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু সেদিন গভীর রাত পর্যন্ত না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরিচিত অটোরিকশা চালকদের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকার গজারি বনের পাশে মাঠে আসিফের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।