মোশারফ হোসেন জয়
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছর মার্কেট এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে প্রায় ৭ হাজার বর্গফুট আয়তনের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। এতে জুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা মালামালের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি ও আরও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।