শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মো. সামসুল হক রিপন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ১৯ অক্টোবর ২০২৬ তারিখে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত বিধিমালা অনুসরণ করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে কমিটির সভাপতি হিসেবে শাহ্ মো. সামসুল হকের নাম উল্লেখ রয়েছে। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মাসুদ, অভিভাবক সদস্য হিসেবে আবুল বাশার এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাখা হয়েছে।
এদিকে, অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহ মো. সামসুল হক রিপন। তিনি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।