শেখ খ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক
যায়যায়সময়.কম
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর এবং ফুটওভার ব্রিজে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও যান চলাচলে বাধা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য সচিব মো. ইউনুস আলী নছ মিয়া। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করে অবৈধ দোকানপাট সরাতে উৎসাহিত করা হয় এবং অতিরিক্ত খাজনা ও অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
দীর্ঘদিন ধরেই মহাসড়কের উপর অবৈধ দোকান বসিয়ে জনদুর্ভোগ তৈরি হওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান নেতারা। তারা বলেন, “সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের এই সামাজিক অবস্থান অব্যাহত থাকবে।”
“যানজটমুক্ত মহাসড়ক চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ, ভাওয়ালগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ভাওয়ালগড় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ওলামা দলের রুবেল মাহমুদ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় ছাত্রদল নেতা হাবিব সরকার, তানভীর, হৃদয় হাসান, কাউসারসহ অন্যান্য কর্মীরাও মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান এবং স্থায়ীভাবে সড়ক ও ফুটওভার ব্রিজ জনসাধারণের জন্য মুক্ত রাখার দাবি জানান।